ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পরিবেশ অধিদফতর ঢাকা জেলা ও সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাইয়ে বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
অভিযানে এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস এবং আইএনসি-১ ব্রিকসকে ছয় লাখ টাকা করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে এ সব ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের পাঁচটি ইটভাটায় পরিদর্শন ও অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ সব ভাটাকে আর্থিক জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাম্মৎ জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম মনজুর-উল-আলম ও আইন-শৃঙ্খলা বাহিনী।



