চট্টগ্রাম শিক্ষা বোর্ড

১৯ দিন পর শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় ১৮২৫ জন অনুপস্থিত

জেলাভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি শিক্ষার্থী থাকা চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রে ৫৬ হাজার ৫৮৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০২ জন।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
প্রতীকী ছবি

উনিশ দিন স্থগিত থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে আবার শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। তবে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। পাঁচটি জেলার ১১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় নিবন্ধিত ৭৭ হাজার ৫৮৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২.৩৫ শতাংশ।

এছাড়া পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র (২৬৯), জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (১৭৮) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র (২৭৭) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন ৭৫ হাজার ৭৩১ শিক্ষার্থী। বোর্ডের আওতাধীন ১১৪টি কেন্দ্রের সবকটিতেই পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেলাভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি শিক্ষার্থী থাকা চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রে ৫৬ হাজার ৫৮৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০২ জন। বহিষ্কার একজন। অন্যদিকে বান্দরবানে অনুপস্থিত ৯৭ জন। বাকি দুই পার্বত্য জেলা খাগড়াছড়ির ১৫৪ এবং রাঙ্গামাটির ১০৯ জন অনুপস্থিত ছিলেন। এছাড়া উপকূলীয় জেলা কক্সবাজারে অনুপস্থিত ছিলেন ২৬৩ জন।