ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন আমি আমার মায়ের জানাজাসহ আত্মীয়-স্বজন ও বন্ধুদের জানাজায় অংশ নিতে পারিনি। আল্লাহর অশেষ রহমতে আজ আমার সহকর্মীর জানাজায় আপনাদের সামনে আসতে পেরেছি।
সোমবার (১৩ এপ্রিল) বাদ আছর বড় মাদ্রাসা মাঠে কুমিল্লার মুরাদনগরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আলীর (মেরিজ কাজী) জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, হাফেজ মোহাম্মদ আলী ছিল বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা। সে ছিল আমার ভাই এবং খুব কাছের একজন মানুষ।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক জনসাধারণ অংশ নেন।
উল্লেখ্য, রোববার রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাফেজ মোহাম্মদ আলীকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং এলাকায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।



