চকরিয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়ায় বসতভিটার সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই ও বড় ভাইয়ের পরিবারের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই
বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই |প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই নুরুল ইসলামকে (৫২) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই আব্দুর রহিম (৪২)।

শুক্রবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার আলী হোসনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়ায় বসতভিটার সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই ও বড় ভাইয়ের পরিবারের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় ছোট ভাই আব্দুর রহিম বাড়ির ভেতর থেকে দা নিয়ে এসে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল ইসলাম নামে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়া হবে।