তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুরে ইজারা বহির্ভূত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত চারজন নৌকার মাঝিকে কারাদণ্ড ও বাল্কহেড নৌকা জব্দ করেছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বালু উত্তোলন করে নৌকায় ভরে নিয়ে যাচ্ছে বালু খেকো চক্রটি এমন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান পরিচালিত করে বালুসহ নৌকা ও এর সাথে জড়িত চারজনকে আটক করেন। পরে রাতে অবৈধ ওই কাজের সাথে জড়িতদের প্রত্যককে ৩০ দিনের কারাদণ্ড দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান মানিক।
এছাড়াও বাল্কহেড নৌকা পুলিশের জিম্মায় রাখা হয় এবং ছোট কাঠের নৌকা ধ্বংস করা হয়।
অপরদিকে, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু পৃথক একটি অভিযান চালিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে অবৈধ ভাবে মাছ ধরার দায়ে একজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘উপজেলার সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির পাশাপাশি এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। কোনো ছাড় দেয়া হবে না।’



