সিলেট নগরীর মজুমদারি এলাকার একটি সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে দোকানের পুরো মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, নগরীর মজুমদারি এলাকার মেহজাবিন সুপার শপে রাত ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক পক্ষ জানিয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।
মেহজাবিন সুপার শপের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন তাপাদার জানান, দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিলেট ফায়ারসার্ভিস তালতলা কন্ট্রোল রুম জানিয়েছে, সিনিয়র স্টেশন ম্যানেজার কুতুব উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।



