কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার সাত ঘণ্টা পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেনের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়া হয় এবং এরপর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। দুইজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এছাড়া আরো ১৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিক্যাল অফিসার অজয় ভৌমিক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘গেটম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টার আগে আগে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের সাথে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল নামে একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ট্রেনটি দ্রুতগতিতে থাকায় বাসটিকে প্রায় এক কিলোমিটার সামনে ঠেলে নিয়ে যায়। এতে বাসের ১২ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুই শিশু ও তিন নারী।



