চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পলান উদ্দীন (৮০) নামে এক বৃদ্ধের নিহতের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পলান ওই এলাকার মরহুম ছইরুদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বসতভিটার জমি নিয়ে পলানের পরিবারের সাথে একই এলাকার ইদবার আলীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় বাঁশের আঘাতে পলান গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রতন আলী দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ইদবার আলীর পরিবারের সদস্যরা তার বাবাকে বাঁশ দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বানী ইসরাইল বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’



