রাজশাহীর দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের আংরার বিলের একটি পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম নওপাড়া ইউনিয়নের যুগিশো গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম ডাক্তার শরিফের পুকুরে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে মোটরের মাধ্যমে এক পুকুর থেকে অন্য পুকুরে পানি নেয়ার জন্য পানির লাইন স্থাপন করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ফিরোজ জানান, জাহাঙ্গীর দিন মজুরির কাজ করে পরিবার চালাতেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



