নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য চট্টগ্রামের সাতকানিয়ায় চালু করা হয়েছে ‘কৃষকের বাজার’।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও মৎস্য অধিদফতরের সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) সকালে সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ বাজারের উদ্বোধন করা হয়।
কৃষকের বাজার উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, ‘কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না এবং ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়। এ সমস্যার সমাধান করতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কৃষকের বাজার’ চালু করা হয়েছে। এখানে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত সবজি, ফল ও অন্যান্য কৃষিপণ্য বিক্রি করতে পারবেন। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং সাধারণ মানুষও তুলনামূলক কম দামে তাজা কৃষিপণ্য কেনার সুযোগ পাবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, ‘কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই ‘কৃষকের বাজার’-এর মূল লক্ষ। স্থানীয় কৃষকেরা সরাসরি পণ্য বিক্রি করায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমছে এবং ক্রেতারাও সাশ্রয়ী দামে তাজা কৃষিপণ্য পাচ্ছেন। পরীক্ষামূলকভাবে এ বাজার চালু করা হয়েছে। পরে কৃষকদের সুবিধা অনুযায়ী উপযুক্ত স্থানে নিয়মিতভাবে এটি পরিচালনার উদ্যোগ নেয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুম্ভু নাথসহ সংশ্লিষ্টরা।



