সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি শিশুদের সময় মতো হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হামে আক্রান্ত শিশু
হামে আক্রান্ত শিশু |ফাইল ছবি

সিলেট বিভাগে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১০ মাস বয়সী শিশু রায়ান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভাগে মোট ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা ৬০৪ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৩২০ জন, সিলেটে ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে দুইজনের রুবেলা) এবং মৌলভীবাজারে ২৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৭২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে তিনজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি শিশুদের সময় মতো হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।