বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। দেশ ও জাতির কল্যাণে দলটি অতীতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা জরুরি। নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব তৈরি না হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা ইউনুস আলী এবং সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি জি এম মিজানুর রহমান।
এমপি আবুল কালাম আজাদ আরো বলেন, এ জনপদের নারী-পুরুষ ভোটের মাধ্যমে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে রক্ষা করতে হবে। দলের আদর্শ ও কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সকল প্রতিকূলতা অতিক্রম করে জামায়াতে ইসলামী দেশ ও জাতির আস্থা অর্জনে সক্ষম হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা জামায়াতে আমির মাওলানা মিজানুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, সদর ইউনিয়ন আমির গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক মো: নুরুজ্জামান, ইউপি সদস্য শেখ আবু হুরায়রা খোকন, কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম, যুব বিভাগের সেক্রেটারি মুনায়েম বিল্লাহ প্রমুখ।



