খাগড়াছড়িতে ১১ দলের প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনীত অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীসহ জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপির জেলা সদস্যসচিব সুবোধ চাকমা, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি লিসা ত্রিপুরাসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি, পাহাড়ি-বাঙালী বহু নেতৃত্ব ক্ষমতায় থাকলেও তারা পাহাড়ের সাধারণ জনগোষ্ঠীর জন্য কিছুই করেনি। বরং শুধু নিজেদের দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষা করেছে। কিন্তু জামায়াতে ইসলামী তার ব্যতিক্রম। জামায়াতের লোকেরা ইতঃপূর্বে সহিংসতার সময় এখানকার বিহার, মন্দির, গির্জা পাহারা দিয়েছে। তাদের দ্বারাই ন্যায়, ইনসাফ, সম্প্রীতি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।
এ সময় বক্তারা শান্তি ও সম্প্রীতির পাহাড় গড়তে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানান।



