লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ঘিরে পুলিশের সাথে হাতাহাতি, আহত ১০

লক্ষ্মীপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে ঘিরে ১৪৪ ধারা ভঙ্গকে কেন্দ্র করে পুলিশের সাথে হাতাহাতির ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ ১০ জন আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ঘিরে পুলিশের সাথে হাতাহাতি
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ঘিরে পুলিশের সাথে হাতাহাতি |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে ঘিরে ১৪৪ ধারা ভঙ্গকে কেন্দ্র করে পুলিশের সাথে হাতাহাতির ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ ১০ জন আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

একই সময় ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেছে। শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে।

পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়।

ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওইস্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। এ প্রেক্ষিতে পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বিকেল সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

হাতাহাতির ঘটনায় ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

মিছিলে থাকা জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, এখানে ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। জুলাই ফাইটার্সের প্রোগ্রাম ছিল। এ নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাচ্ছি না।

এ ব্যাপারে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো: আরমান হোসেন বলেন, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হাবিবুর রহমান ফাহিমের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ছিলো। সেখানে ছাত্রদল জুলাই ফাইটার্স নামে পাল্টা কর্মসূচি দেয়। প্রশাসন ১৪৪ধারা জারি করে। আমরা সেখানে শান্তিপূর্ণ কর্মসূচি করতে গেলে পুলিশ লাঠিপেটা করে। এতে আমাদের অনেকেই আহত হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।

বিকেল থেকে চকবাজারে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

তিনি বলেন, দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করে দু’পক্ষকে দুইদিকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কেউ আটক নেই।