ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

আজ (সোমবার) ভোর রাতে কালবৈশাখী ঝড় উঠলে আরাফাত রহমানের ঘরের ওপর একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙে পড়ে। এতে গৃহবধূ আরাফাতুন গুরুতর আহত হয়।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ |নয়া দিগন্ত

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝরে ঘরের ওপর গাছ ভেঙে পরে আরাফাতুন (২০) নামে বেদে পল্লীর এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলা সদরের রেলওয়ে স্টেশন এলাকার খোলাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাতুনের স্বামীর নাম ইয়াসিন আরাফাত হোসেন। তারা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বেদে পল্লীর বাসিন্দা আবাবিল হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে আমরা প্রায় ৩০টির মতো পরিবার নিয়ে খোলাপাড়া বাগানে অস্থায়ী ঘর করে বসবাস করছি। আজ (সোমবার) ভোর রাতে কালবৈশাখী ঝড় উঠলে আরাফাত রহমানের ঘরের ওপর একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙে পড়ে। এতে গৃহবধূ আরাফাতুন গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

গৃহবধূ আরাফাতুন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানান আবাবিল হোসেন।

এদিকে ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ ১০ হাজার টাকা অনুদান এবং শুকনো খাবার প্রদান করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়েছে।