কালীগঞ্জে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রির অভিযোগে সেনাবাহিনীর অভিযান

বড় বড় শিল্পপ্রতিষ্ঠান দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তবে তাদের উচিত এ ধরনের সিন্ডিকেট বা অনৈতিক চক্র থেকে বেরিয়ে এসে আইন মেনে ব্যবসা পরিচালনা করা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বেশি মূল্যে সিলিন্ডার বিক্রির অভিযোগে সেনাবাহিনীর অভিযান
বেশি মূল্যে সিলিন্ডার বিক্রির অভিযোগে সেনাবাহিনীর অভিযান |নয়া দিগন্ত

গাজীপুরের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি স্যাটেলাইট গ্যাস প্লান্টে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া (মূলগাঁও) এলাকার বিএম এনার্জি বিডি লিমিটেডের কারখানায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়। গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত পাইকারি মূল্য থাকার পরও কারখানা কর্তৃপক্ষ বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিল। অভিযানে এ অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান প্রসঙ্গে গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব দে আকাশ বলেন, এটি একটি ফলোআপ মোবাইল কোর্ট অভিযান। এর আগে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে একাধিক অভিযান চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এদিন স্যাটেলাইট গ্যাস প্লান্টে অভিযান পরিচালনা করা হয়।

তিনি রো বলেন, তদন্তে দেখা গেছে, গ্রাহকদের চালানে সরকার নির্ধারিত মূল্য উল্লেখ থাকলেও বাস্তবে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং চ্যানেলে ট্রান্সফারের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এমন অভিযোগ শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে।

মেজর অর্ণব দে আকাশ বলেন, বড় বড় শিল্পপ্রতিষ্ঠান দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তবে তাদের উচিত এ ধরনের সিন্ডিকেট বা অনৈতিক চক্র থেকে বেরিয়ে এসে আইন মেনে ব্যবসা পরিচালনা করা।

সাধারণ ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বিআরসি নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অতিরিক্ত দাম দাবি করা হলে তা মেনে না নিয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।