৫ ফেব্রুয়ারি নওগাঁয় আসছেন জামায়াত আমির

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম এ তথ্য জানান।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
শহরের এ টিম মাঠ পরিদর্শন
শহরের এ টিম মাঠ পরিদর্শন |নয়া দিগন্ত

সারাদেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। ওইদিন বেলা ১১টায় শহরের এ টিম মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম এ তথ্য জানান।

আ স ম সায়েম বলেন, ‘বৃহস্পতিবার জামায়াত আমির ডা: শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা নওগাঁয় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে আমরা জনসভার মাঠ পরিদর্শন করে দেখলাম, মাঠের কাজ চলমান রয়েছে। শুধু নওগাঁ না, সারাদেশের মানুষ এবার পরিবর্তন দেখতে চায়। দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আশা করি ৫ তারিখ নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরের রূপ নেবে এবং একটি সফল সমাবেশ হবে। মানুষ জানতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে, আমরা কেমন মাতৃভূমি চাই, তার একটি রূপরেখা জামায়াত আমির তুলে ধরবেন। যেহেতু ১১টি উপজেলা থেকেই মানুষ আসবে, সেই হিসেবে আমরা মনে করছি পাঁচ থেকে ছয় লাখ মানুষের সমাগম হবে। আমরা দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ গঠন করতে চাই।’

এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাহারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।