কালীগঞ্জে ২৩টি অস্থায়ী কোরবানির পশুর হাটের দরপত্র আহ্বান

গাজীপুরের কালীগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ২৩টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে এসব হাট বসানোর জন্য ইজারা প্রদানের জন্য সীলমোহরকৃত খামে দরপত্র আহ্বান করা হয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

Location :

Kaliganj
কালীগঞ্জ উপজেলা, গাজীপুর
কালীগঞ্জ উপজেলা, গাজীপুর |নয়া দিগন্ত

গাজীপুরের কালীগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ২৩টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে এসব হাট বসানোর জন্য ইজারা প্রদানের জন্য সীলমোহরকৃত খামে দরপত্র আহ্বান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগ্রহী ইজারাদারদের নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোরবানিকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে ২৩টি অস্থায়ী পশুর হাট বসানো হবে। হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে যানজট নিরসন, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় একাধিক খামারি জানায়, কালীগঞ্জের অস্থায়ী পশুর হাটগুলোতে প্রতিবছর আশপাশের জেলা থেকেও বিপুলসংখ্যক গরু, ছাগল, মহিষ ও ভেড়া আনা হয়। ব্যবসায়ীরাও আশা করছেন, এবার হাটগুলোতে বেচাকেনা বেশি হবে, স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।

উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, রেল লাইন, সড়ক বা মহাসড়কের সন্নিকটে অস্থায়ী গরুর হাট বসানো যাবে না। গরুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ টোল আদায় সহ্য করা হবে না। হাটের শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি থাকবে।