বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন

ড. সৈয়দ রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. সৈয়দ রাগীব আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। পরে বিভিন্ন অনুষদ, বিভাগ ও প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সিলেট ব্যুরো
ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিয়েছে লিডিং ইউনিভার্সিটি
ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিয়েছে লিডিং ইউনিভার্সিটি |নয়া দিগন্ত

মর্যাদাপূর্ণ ‘বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন করায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের হাউস অব লর্ডসের ঐতিহাসিক চলমন্ডলি রুম অ্যান্ড টেরেসে অনুষ্ঠিত ‘তৃতীয় বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’-এ শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।

সংবর্ধনার জবাবে ড. সৈয়দ রাগীব আলী বলেন, এই সম্মান তাকে দেশ ও মানুষের কল্যাণে আরো দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। লিডিং ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়কে আরোএগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জীবনের বাকি সময়টুকু যেন দেশ ও সমাজের উন্নয়নে ব্যয় করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্বকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে ড. সৈয়দ রাগীব আলীর অবদান অনন্য। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশে দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, ড. রাগীব আলীর কর্মময় জীবন নিয়ে গবেষণা করলে নতুন প্রজন্ম দেশগঠনে অনুপ্রাণিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বলেন, ‘বেঙ্গল ব্রিটিশ আইকন’ সম্মাননা কেবল অসাধারণ অবদান রাখা ব্যক্তিদেরই দেওয়া হয়। এই আন্তর্জাতিক স্বীকৃতি ড. রাগীব আলীর দীর্ঘদিনের শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের যথার্থ মূল্যায়ন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। বক্তারা ড. রাগীব আলীর শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. সৈয়দ রাগীব আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। পরে বিভিন্ন অনুষদ, বিভাগ ও প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ড. রাগীব আলীর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া তার সম্মানে রচিত মানপত্র পাঠ, কবিতা ও ছড়া আবৃত্তির আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।