নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে রিফাত (১৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শিসেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।
পুলিশ জানায়, সন্ধ্যায় মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় তাদের আটক করা হয়। এসময় তারা লরি থেকে তেল চুরি করে সংরক্ষণের চেষ্টা করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
রাত ১১টার দিকে আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। তারা ওই তেলের লরির ড্রাইভার, হেল্পার ও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানায় পুলিশ।



