লক্ষ্মীপুরে প্রতিবন্ধীর মধ্যে জামায়াতের হুইল চেয়ার বিতরণ

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ড. রেজাউল করিম

জামায়াত ক্ষমতায় আসলে প্রতিবন্ধীদের জন্য লক্ষ্মীপুরে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং তাদের জন্য উপযোগী কর্মসংস্থনের ব্যবস্থা করে তাদেরকে মানবসম্পদে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

নয়া দিগন্ত অনলাইন
লক্ষ্মীপুরে প্রতিবন্ধীর মধ্যে জামায়াতের হুইল চেয়ার বিতরণ
লক্ষ্মীপুরে প্রতিবন্ধীর মধ্যে জামায়াতের হুইল চেয়ার বিতরণ |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে প্রতিবন্ধীদের জন্য লক্ষ্মীপুরে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং তাদের জন্য উপযোগী কর্মসংস্থনের ব্যবস্থা করে তাদেরকে মানবসম্পদে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ৮নম্বর দত্তপাড়া ইউনিয়নে ‘প্রাঙ্গনে জামিয়া আশরাফুল মাদারিস বটতলী’ শারীরিকভাবে চলাচল অক্ষম ৩ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোস্তফা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর আমির আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল, থানা সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন, যুব নেতা রাসেল ও শরীফুল ইসলাম প্রমূখ।

ড. রেজাউল করিম বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তারাও মহান আল্লাহর সৃষ্টি। আমরা আল্লাহর সৃষ্টিকুলের কিছু অংশকে অনেক সময় অস্বাভাবিক ও অসুস্থ দেখতে পাই। এর রহস্য ও কল্যাণ আল্লাহ তা’য়ালাই ভালো জানেন। তিনি যেমন স্বাভাবিক সুন্দর সৃষ্টি করতে সক্ষম, তেমন তিনি এর ব্যতিক্রমও করতে পারেন। প্রতিবন্ধীদের আল্লাহ তাআলা তাদের এমন অক্ষমতা ও প্রতিবন্ধকতার জন্য তাঁর সন্তুষ্টি, দয়া, ক্ষমা ও জান্নাত দান করবেন। হাদিসে কুদসীতে এসেছে, নবী (সা.) বলেছেন, মহান আল্লাহ বলেন, ‘আমি (আল্লাহ) যার দু’প্রিয়কে (দু’চোখ) নিয়ে নিই। সে যদি ধৈর্য ধরে এবং নেকির আশা করে, তাহলে আমি তার জন্য এর বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট হবো না।’ (তিরমিজি, হাদিস : ২৪০১) তাই প্রতিবন্ধীদের আল্লাহ তা’য়ালার ওপর সর্বাবস্থায় রাজী-খুশী থাকতে হবে। তিনি সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের কল্যাণে সরকার, রাজনৈতিক শক্তি সহ সমাজের বিত্তবান মানুষকে মুক্ত হস্তে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে নানাবিধ বিপদ-আপদ ও প্রতিবন্ধকতা দিয়ে পরীক্ষা করেন। তাদেরকে যেমন আল্লাহ ধৈর্যধারণ করতে বলেছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকেও তাদের প্রতি ইহসান করার নির্দেশ দিয়েছেন। মূলত, প্রতিবন্ধীদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি পাশ্চাত্য চিন্তাধারার চেয়ে সম্পূর্ণ আলাদা। এসব শারীরিক অক্ষম ও প্রতিবন্ধী রাষ্ট্র, সমাজ ও ধনীদের থেকে সাহায্য-সহযোগিতা, ভালোবাসা ও অনুগ্রহ পাওয়ার হক্বদার। হাদিসে রাসূল (সা.)-এ এসেছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ দয়ালুদের ওপর দয়া ও অনুগ্রহ করেন’। তিনি জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্যের কথা উল্লেখ করে বলেন, জামায়াত দেশকে এমন একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে সকল শ্রেণির মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। নাগরিকের সকল সমস্যার সমাধান করবে রাষ্ট্রই। তিনি এমন ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ময়দানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।