সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ীর কান্দার চর আনন্দ নগর হাউজিংয়ে জনৈক স্বপনের খালি জায়গায় সোমবার দুপুরে (৩০ মার্চ) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া যুবকের নাম মো: শহিদুল ইসলাম (৩৪)। তিনি ঝিনাইদহ সদরের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিলে ট্যানারি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে গলাকাটা লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের সময় নিহতের গলার মধ্যে আইডি কার্ড ছিল। সেই আইডি কার্ড দেখে পুলিশ তার ঠিকানা জানতে পারেন বলে জানা যায়।
পরে লাশটি রাজধানীর সহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়।
একটি সূত্র জানায়, নিহত শহিদুল ইসলাম ঝিনাইদহ ট্রাক মালিক সমিতির সদস্য ছিলেন।
সাভার মডেল থানা ও ট্যানারি ফাঁড়ির (এসআই) মো: আমির হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।



