সিলেট বিভাগে আরো ৪ ডেঙ্গুরোগী শনাক্ত, মোট আক্রান্ত ৭৭

বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হচ্ছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী, (ইনসেটে) এডিস মশা
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী, (ইনসেটে) এডিস মশা |নয়া দিগন্ত

সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয়জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত চারজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন ও হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে একজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন ও হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৫ জন, সিলেটে ১৪ জন ও মৌলভীবাজারে আটজন আক্রান্ত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও বরিশাল থেকে আসা তিনজন রোগী সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হচ্ছে। একইসাথে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, সিসিকের পক্ষ থেকে ইতোমধ্যে এডিস মশার আশ্রয়স্থল ধ্বংসে বিশেষ অভিযান চলমান রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।