তালতলী (বরগুনা) সংবাদদাতা
বরগুনার তালতলী থানায় ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার (১৪ জুন) সকালে থানার ভেতরের পুলিশ ব্যারাকে এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতের ডিউটি শেষে ভোরের দিকে ব্যারাকে এসে ঘুমিয়ে পড়েন কনস্টেবল ফারুক গাজী। রোববার সকালের কোনো এক সময় তিনি ব্যারাকে বসেই ‘গ্যাস ট্যাবলেট’ (এক ধরনের কীটনাশক) সেবন করেন। কিছুক্ষণের মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ব্যারাকের অন্যান্য সহকর্মীরা বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আত্মহত্যার আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন। তবে চিরকুটে কী লেখা ছিল বা আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ কী, তা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



