পানিসম্পদ মন্ত্রী মো: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সতেরো বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে। কারণ বিগত সতেরো বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। সকল অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল।
শুক্রবার (১৩ মার্চ) লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল ও ওয়াপদা খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকল বিভাগের সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সে সময় কৃষকরা সেচ সুবিধা পেয়ে উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে, এতে দেশ স্বনির্ভরতা অর্জন করেছিল। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। একইসাথে ৫৪ জেলায় খাল খনন ও পুনঃখনন উদ্বোধন করা হবে।
এ সময় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাসস



