পার্বত্য জেলা রাঙ্গামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনের নির্বাচন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
এবারের নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড়–ছোট বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী এবং একজন নারী প্রার্থী।
নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন দীপেন দেওয়ান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিশের রিকশা প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিক এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে রয়েছেন পহেল চাকমা। মূলত এই তিন প্রার্থীর মধ্যেই লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের অশোক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো: জসিম উদ্দিন, গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার এম এ বাশার এবং একমাত্র নারী প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা।
জেলায় মোট ২১৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ২০টি অতি গুরুত্বপূর্ণ, ১৪৯টি গুরুত্বপূর্ণ এবং ৪৪টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গম এলাকায় রয়েছে ২০টি হেলি সর্টি কেন্দ্র। ১০টি উপজেলায় মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ নয় হাজার ২৭২ জন। পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৪১১ জন, নারী ভোটার দুই লাখ ৪৫ হাজার ৮৫৯ জন।
নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দায়িত্বে রয়েছেন তিন হাজার ৪০০ সেনাসদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, এক হাজার ৫৯৫ জন পুলিশ, দুই হাজার ৭৬৯ জন আনসার সদস্য এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থা, আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। নির্বাচনী কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই দায়িত্ব পালন করছেন। সবার প্রত্যাশা- শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন।



