ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের (FIRSO) বাংলাদেশ জাতীয় পর্ব-২০২৬-এ সাফল্য পেয়েছে লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।
গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড-২০২৬-এর ‘মেজ সলভিং রোবট’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইইই বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাঈম ও ৪৩তম ব্যাচের শিক্ষার্থী দিবাকর রায় দিব্য। একই প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মো. তারেক আহমেদ।
এ ছাড়া ‘ডিসপ্লে অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ’ বিভাগের ‘হেলথটেক’ ক্যাটাগরিতে রানারআপ হয়েছেন ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শ্রাবণ তালুকদার শুভ।
শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন তাদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, নিষ্ঠা ও উদ্ভাবনী মানসিকতার প্রশংসা করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হকও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি প্রকৌশলগত জ্ঞানকে উদ্ভাবনী সমাধানে রূপান্তরের ক্ষেত্রে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, দলীয় প্রচেষ্টা, অধ্যবসায় ও নিষ্ঠার প্রশংসা করেন।
তিনি বলেন, এ অর্জন শুধু একটি ট্রফি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি উদ্ভাবননির্ভর শিক্ষণ-সংস্কৃতির প্রতিফলন। রোবোটিক্স ও ইন্টেলিজেন্ট সিস্টেম থেকে শুরু করে হেলথটেক ও উদ্যোক্তা উদ্যোগ—বিভিন্ন ধারণাকে শিক্ষার্থীরা কার্যকর সমাধানে রূপ দিচ্ছেন। এর মাধ্যমে তারা প্রকৌশলবিদ্যার প্রকৃত চেতনাকে তুলে ধরছেন।
৭৬তম সিন্ডিকেট সভা
লিডিং ইউনিভার্সিটির ৭৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে মঙ্গলবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সিন্ডিকেটের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় ৩৯তম একাডেমিক কাউন্সিল ও ২১তম অর্থ কমিটির সভাসহ বিভিন্ন সভায় গৃহীত সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।
সভায় শিক্ষক ও কর্মকর্তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি, নিয়োগ এবং শিক্ষার মানোন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত সদস্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী (অনলাইনে), সরকার মনোনীত সদস্য মিজ নাফিসা আরেফীন (অনলাইনে), বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন, উপাচার্য মনোনীত সদস্য ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান।
সভায় সদস্যসচিব হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ।



