ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দর্শনা ডিলাক্সের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন নারী ও দুইজন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান চাঁন জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, তিনজন নিহত ও দুই বাসের কমপক্ষে ১৫ জনের মতো আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একজন নারী ও হাসপাতালে নেয়ার পর দুইজন পুরুষ মোট তিনজন নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।



