নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (২২ মে) বিকেলে ৯নং ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটলেও রাতে জানাজানি হওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
অভিযুক্তরা হলো একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। তাদের একজনকে আটক করা হয়েছে এবং আরেকজন পলাতক রয়েছে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনির হোসেন হিরোকে ধরে গণপিটুনি দেয়।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, বিকেলে এই ঘটনা ঘটার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারে। তবে তিনি কাউকে কিছু বলেননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত বলা যাবে।



