লাইনচ্যুত ট্রেন উদ্ধার, সাড়ে ৪ ঘণ্টা পর উত্তরবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক

লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী নির্জন ডহরশলা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রেললাইন বা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লাইনচ্যুত একতা এক্সপ্রেস ট্রেনটি
লাইনচ্যুত একতা এক্সপ্রেস ট্রেনটি |সংগৃহীত

নাটোরের লালপুরে লাইনচ্যুত একতা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে লাইন ক্লিয়ার হলে উত্তরবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, একইদিন বিকেল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন ডহরশলা এলাকায় একতা একপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে উত্তরবঙ্গের সাথে ঢাকার সরাসরি রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটির অন্তত দু’টি বগি লাইনচ্যুত হয়ে মূল রেললাইনের উপর আড়াআড়িভাবে পড়ে যায়। এতে আপ ও ডাউন— দুই লাইনের চলাচলই বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী একাধিক ট্রেন মাঝপথে আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী নির্জন ডহরশলা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রেললাইন বা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পাকশী ও ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রেলওয়ের প্রকৌশলী, কারিগরি দল ও সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাইন ক্লিয়ার করার কাজ শুরু করেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। অনেক ট্রেনকে বিকল্প স্টেশনে থামিয়ে রাখা হয়েছে, আবার কিছু ট্রেন বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেকে দীর্ঘ সময় ধরে ট্রেনে আটকে রয়েছেন, আবার কেউ কেউ বিকল্প যানবাহনের সন্ধানে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।