জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন (চুপ্পু)-এর গ্রেফতার ঠেকানো যাবে না। উক্ত অনুচ্ছেদের অধীনে সাবেক রাষ্ট্রপতির জন্য কোনো ধরনের আইনগত সুরক্ষা বর্তমানে অবশিষ্ট নেই।’
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে আয়োজিত এনসিপি’র ‘জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় গণভোটের প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, ‘বিএনপি জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলেও বিএনপি সেই রায় বাস্তবায়ন করেনি।’
তিনি বলেন, ‘বিএনপি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে। নির্বাচন কমিশনকেও দলীয় প্রভাবের আওতায় নেয়ার চেষ্টা চলছে।’
পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব ডা: মাহমুদা মিতু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার ছোটন, আলী রুশদী মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক এবং মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপি নেতা মহিউদ্দিন রনি, ফরিদুল হক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমির নূর ইসলাম, সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার সাবেক সদস্যসচিব হৃদয়সহ স্থানীয় নেতাকর্মীরা।



