নীলফামারীতে অবৈধ কারখানার মেশিনের শব্দে অতিষ্ঠ এলাকাবাসী

জনবসতিপূর্ণ গ্রামে অবৈধভাবে সাইনবোর্ডবিহীন একটি বস্তা তৈরীর কারখানায় নেই কোনো সরকারি বৈধ কাগজপত্র।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Nilphamari
অবৈধ বস্তা তৈরীর কারখানা
অবৈধ বস্তা তৈরীর কারখানা |নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউপির মাগুড়া উত্তর পাড়ায় জনবসতিপূর্ণ এলাকায় সাইনবোর্ডবিহীন অবৈধ কারখানা স্থাপন করায় মেশিনের শব্দে রাতে ঘুমাতে পারছেন না এলাকাবাসী। মেশিনের উচ্চ শব্দের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখায়ও চরম ব্যাঘাত ঘটছে। শব্দে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিন পরিদর্শনে জানা গেছে, মাগুড়া উত্তর পাড়া গ্রামটিতে প্রায় পাঁচ শতাধিক কৃষি শ্রমিকসহ বিভিন্ন শ্রম-পেশার মানুষ বাস করেন। সারাদিন হাড়ভাঙ্গা শ্রমের পর বাড়িতে এসে একটু স্বস্তির ঘুম দিবেন এর কোনো উপায় নেই। ওই গ্রামের এক প্রভাবশালী আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম খলিল জনবসতিপূর্ণ গ্রামে অবৈধভাবে সাইনবোর্ডবিহীন একটি বস্তা তৈরীর কারখানা স্থাপন করেন। যার নেই কোনো সরকারি বৈধ কাগজপত্র। কারখানার কোনো কাগজপত্র না থাকায় কারখানার নামে কোনো সাইনবোর্ড দেননি তিনি।

অভিযোগকারী ইয়াসিন আলী, মারুফা বেগম, মিজান, মিয়া আব্দুল বারেক, সাহাবুল, আবু বক্করসহ অনেকে অভিযোগ করে বলেন, এই গ্রামের অধিকাংশ মানুষ সরাসরি বিভিন্ন কায়িক শ্রমের সাথে জড়িত। সারাদিন খাটাখাটনির পর রাতে বাড়িতে এসে কারখানার মেশিনের শব্দে ঠিকভাবে ঘুমাতে পারি না। ছেলেমেয়েরা স্কুলের পড়ালেখা তৈরি করতে পারে না। কারখানার উচ্চ শব্দে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।

এ ব্যাপারে কারখানার মালিক ইব্রাহিম খলিল বলেন, ‘আমার কারখানার মেশিনের কোনো শব্দ নেই, গ্রামবাসীরা ভিত্তিহীন অভিযোগ করেছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি খুব তাড়াতাড়ি ওই এলাকায় যাব।’