ফেনীতে ব্যবসায়ীকে চেক দিয়ে প্রতারণার দায়ে ছাগলনাইয়া উপজেলা জাসদ (ইনু) সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগের (৪০) ছয় মাসের কারাদণ্ড ও ৩৩ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো: জাহিদ হোসাইন এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত রেজাউল করিম সোহাগ পূর্ব ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের নুরের নবীর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ফেনীর পূর্ব ছাগলনাইয়ার আনোয়ার পোল্ট্রি অ্যান্ড ফিডসের মালিক মুন্সি ইমাম হোসেনের কাছ থেকে প্রায় ৩৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের পোল্ট্রি খাবার নেন রেজাউল করিম সোহাগ। পাওনা টাকার বিপরীতে ইমাম হোসেনকে পূবালী ব্যাংকের একটি চেক দেন তিনি। কিন্তু সোহাগের ওই হিসাবে কোনো টাকা না থাকায় একাধিকবার চেষ্টা করেও তিনি টাকা তুলতে পারেননি। এ ঘটনায় তিনি ফেনী আদালতে মামলা দায়ের করেন।
আদালতে বাদীপক্ষে আইনজীবী ছিলেন এএসএম সহিদ উল্যাহ এবং বিবাদীপক্ষে ছিলেন জহির উদ্দিন মামুন।
ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম) আদালতের পেশকার শেফায়েত হোসেন মিনার বলেন, শুনানি শেষে বিবাদী সোহাগের বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ৩৩ লাখ ৮৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।



