শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ১৯৮১ সালের ২১ মে তার পিরোজপুর আগমন দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বীর মুক্তিযোদ্ধা নুর দিদা খালেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা জিপি অ্যাডভোকেট সাব্বির আহমেদ, পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার আদর্শ, দেশপ্রেম ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মান ও শহীদ পরিবারের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার আদর্শ অনুসরণেরও আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



