সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সিলেট জেলা ও মহানগর এলাকায় দুই হাজার ৯৫৮টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
এরমধ্যে সিলেট নগর এলাকায় মোট ৩৯৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ৩০৪টি মসজিদে ও ৯২টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় মোট দুই হাজার ৫৬২ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে দুই হাজার ২১১টি এবং ঈদগাহে হবে ৩৫১টি ঈদ জামাত।
বুধবার (১৮ মার্চ) সিলেট জেলা ও মহানগর পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মঞ্জুরুল আলম জানিয়েছেন, সিলেট নগরীতে ৩৯৬টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহসহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকে তিন স্তরের নিরাপত্তা বলয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানিয়েছেন, জেলার দুই হাজার ৫৬২টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।



