হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিখোঁজের পর মুরাদ মিয়া (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সুরাবই গ্রামের একটি বাঁশঝাড়ের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরাবই গ্রামের ইকবাল মিয়ার ছেলে মুরাদ মিয়া বুধবার রাত প্রায় ১০টা থেকে নিখোঁজ ছিলেন। পরদিন গ্রামের লোকজন একটি বাঁশঝাড়ের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।



