নীলফামারীর ডোমারে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশে দিয়েছেন এক বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার ৮ নম্বর ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ওয়াহিদ ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।
পরিবারের সদস্যরা জানায়, ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদক থেকে বিরত থাকতে বললে তিনি পরিবারের সদস্যদের মারধর ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে তার বাবা থানায় খবর দেন। পরে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় তার ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।’



