ফরিদপুরের সালথা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাংরাইল গ্রামের মনির বিশ্বাস ও মিশরুর মধ্যে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে বিকেলে কথাকাটাকাটি থেকে পাল্টাপাল্টি হামলার সূত্রপাত হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ায় কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়।
সংঘর্ষের পর উভয়পক্ষের অন্তত আটটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ছয়জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মনির ও মিশরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



