কুড়িগ্রামে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে অতি শিগগিরই নদীগর্ভে বিলীন হতে পারে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন
নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলায় ধরলা নদীর স্থায়ী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে ধরলা নদীর বাম তীরে ঘণ্টাব্যাপী চলা ওই কর্মসূচিতে অংশ নেন কোমলমতি শিক্ষার্থীসহ কয়েক শ’ পুরুষ।

স্থানীয়দের অভিযোগ, ধরলা নদীর বাম তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্থানে কাজ চললেও কদমতলা এলাকার প্রায় ৫০০ মিটার ভাঙনপ্রবণ অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। প্রশাসনিক জটিলতার অজুহাতে গুরুত্বপূর্ণ এই অংশে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে অতি শিগগিরই নদীগর্ভে বিলীন হতে পারে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। একইসাথে শত শত পরিবারের বসতভিটা ও ফসলি জমিও চরম হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক মাইদুল ইসলাম, মোহাম্মদ আলী, এনসিপি পাঁচগাছী ইউনিয়নের সদস্য সচিব মো: রাশেদ খান মিলন, ব্যবসায়ী আব্দুল আউয়াল, আকতারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অবিলম্বে ভাঙনপ্রবণ ৫০০ মিটার এলাকায় বালু ভরাট ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।