বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের প্রায় ১৭ ঘন্টা পর খাল থেকে শ্রমিক আউয়াল মাঝির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টির বুলু কর্মকারের দোকানে কাজ করছিলেন আউয়াল। আর দোকান থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।
নিহত আউয়াল মাঝি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামের আব্দুল কাদের মাঝির ছেলে।
আউয়াল মাঝির মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল রিপোর্ট তৈরি করে সকাল ১০টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, আউয়াল মাঝি মঙ্গলবার বিকেলে কয়লা ধোয়ার জন্য দোকানের পেছনের ওই খালে নেমেছিলেন। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড় পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আউয়াল মাঝির সন্ধান পেতে কাজ শুরু করে।
এদিকে আউয়াল মাঝির স্বজনরা এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, আউয়াল মাঝি নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।



