কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে যাওয়া চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে কর অঞ্চল কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেয়া চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবি জালিয়াতির মাধ্যমে তারা প্রকৃত চাকরি প্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা প্রক্সি পরীক্ষা দেয়ার বিষয়টি স্বীকার করেন।
এরপর মধ্যরাতে আটক চারজনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন মাতুব্বর বলেন, ‘নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’
কর অঞ্চল কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ মে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দদের মধ্যে ছয়টি পদে ১২২জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ৭ মে থেকে অনলাইনে আবেদন পত্র গ্রহন শুরু হয়। ১৯ জুন অফিস সহায়ক পদের লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ছিল মৌখিক পরিক্ষা।



