নোয়াখালীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

সর্বশেষ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম স্বপন ও সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের যোগসাজশে বিদ্যালয়ের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়, নোয়াখালী
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়, নোয়াখালী |নয়া দিগন্ত

নোয়াখালীর চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো: মাহবুবুর রশীদ তারেকের বিরুদ্ধে বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাতে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ও চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন এই অভিযোগ তুলেছেন।

জহির উদ্দিন হারুনের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রশীদ তারেক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠন করেন। পরে তিনি বিদ্যালয়টিকে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন।

তিনি সাংবাদিকদের জানান, সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণসহ তার ঘনিষ্ঠজনরা দীর্ঘদিন বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে থেকে উন্নয়নের পরিবর্তে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলেন।

তিনি অভিযোগ করেন, সর্বশেষ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম স্বপন ও সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের যোগসাজশে বিদ্যালয়ের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। বিগত কমিটির সময় এক মাসে বিদ্যালয়ের বিদ্যুৎবিল তিন লাখ টাকা পর্যন্ত এসেছে। বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এছাড়া বিদ্যালয়ের স্থায়ী সম্পত্তির আয়-ব্যয়েরও কোনো স্বচ্ছ হিসাব পাওয়া যায়নি।

এদিকে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো: মাহবুবুর রশীদ তারেক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মিথ্যা ও ধোঁয়াশাপূর্ণ অভিযোগের ভিত্তিতে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে কয়েকজন শিক্ষক আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন।’