জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও সাফল্য দেশের জন্য গৌরবের। তাদের এই অর্জন ধরে রাখতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। প্রযুক্তির সঠিক ব্যবহার করে আধুনিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে। জৈন্তাপুর উপজেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক পর্যায়ে মতবিনিময় সভা করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু প্রমুখ।
এ সময় অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। পাশাপাশি প্রধান অতিথি জেলা প্রশাসক জৈন্তাপুর উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।



