পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবা সেলিম হোসেনের (৩৫) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এই ঘটনায় মামলা করেছেন ওই কিশোরীর মা।
এর আগে বুধবার রাত ১০টার দিকে জগতবেড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারদহ শান্তিরাম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম ওই এলাকার মজিবর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
কিশোরীর মায়ের অভিযোগ, বুধবার কিশোরী মেয়েকে মামার বাড়ি কচুয়ারপাড় এলাকায় বেড়াতে নিয়ে যান সেলিম। রাতে খাবার শেষে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে কাশিরডাঙ্গা এলাকার এক বাঁশঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এরপর মেয়েটিকে নির্জন রাস্তায় একা ফেলে চলে যান তিনি। ভয়ে মেয়েটি স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে ৯৯৯ নম্বরে কল দিলে পাটগ্রাম থানা-পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালে কিশোরীকে পরীক্ষার জন্য পাঠায় পাটগ্রাম থানা-পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কিশোরীর মা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’



