কালুখালীতে রেলব্রিজের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু

চলতি বছর কালুখালীর কালিকাপুর রেলব্রিজে একই ধরনের দুর্ঘটনায় এর আগেও ১০ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৯ মার্চ ও ২ জুন ট্রেনের ছাদে ভ্রমণের সময় পৃথক দু’টি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Kalukhali
রাজবাড়ী রেলওয়ে থানা
রাজবাড়ী রেলওয়ে থানা |নয়া দিগন্ত

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবক ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় রেলব্রিজের সাথে তার মাথার সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাজবাড়ী স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর কালুখালীর কালিকাপুর রেলব্রিজে একই ধরনের দুর্ঘটনায় এর আগেও ১০ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৯ মার্চ ও ২ জুন ট্রেনের ছাদে ভ্রমণের সময় পৃথক দু’টি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। সর্বশেষ আজ রোববার একই স্থানে আবারো এক অজ্ঞাত পরিচয় যুবকের প্রাণহানির ঘটনা ঘটল।

একের পর এক এমন দুর্ঘটনা ঘটলেও ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারির মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।