ময়মনসিংহের মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের কচুয়া বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো: আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) ও তার সহোদর ভাই মো: মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলের পানিতে তাদের দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মুক্তাগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনার। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’



