কুমিল্লা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারকে মারধরের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কর্মকর্তা-কর্মচারীরা। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কুসিকের ওয়ার্ড সচিবরা তাদের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে সিটি করপোরেশনের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তারা বলেন, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারের কাছে অবৈধভাবে ওয়ারিশ সনদ নেয়ার জন্য চাপ দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নেতা ভিপি আবদুল্লাহ। তবে তিনি নিয়মবহির্ভূত কাজটি করতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ভিপি আবদুল্লাহ ও তার সহযোগীরা মিলে সচিব আবুল বাশারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
তারা বলেন, একজন সচিবের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয় এবং প্রশাসনের কাজকে বাধাগ্রস্ত করার শামিল।
পরে সিটি করপোরেশন প্রাঙ্গণে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। এ ঘটনায় ওয়ার্ড সচিবরা প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘আমাদের একজন ওয়ার্ড সচিবকে লাঞ্চিতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’



