শ্রীপুরে তালাক দেয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

‘বৃহস্পতিবার দুপুরে মধ্যাহ্ন (লাঞ্চ) বিরতির পর বাসায় যাচ্ছিল প্রিয়তা। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা আনারুল হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পোশাক শ্রমিক ও এলাকাবাসী ঘাতক আনারুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Sripur
হত্যাকারী আনারুল হক
হত্যাকারী আনারুল হক |নয়া দিগন্ত

স্বামীকে তালাক দেয়ার ঘটনার জের ধরে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রীকে প্রকাশ্যে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় তালাপ্রাপ্ত ঘাতক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (হানু মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রিয়তা আক্তার (২২) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাহেলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। হত্যাকারী আনারুল হক (২৬) একই জেলার ফুলপুর উপজেলার ডাইলের বাজার গ্রামের আক্রাম হোসেনের ছেলে।

নিহতের বড় বোন বিলকিছ আক্তার বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে ফুলপুর উপজেলার ডাইলের বাজার গ্রামের আনারুল হকের সাথে পারিবারিকভাবে প্রিয়তা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলেসন্তান (৩) রয়েছে। বিয়ের পর থেকেই আনারুল হক নেশা করত এবং চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত। একপর্যায়ে আমার বোন প্রিয়তা তার সাথে সংসার করবে না বলে জানিয়ে দেয়। পরে গত তিন মাস আগে পারিবারিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।’

তিনি আরো বলেন, ‘বিচ্ছেদের পর আমার বোন গাজীপুরের শ্রীপুরে চলে আসে এবং ধনুয়া (হানু মার্কেট) এলাকার মালেক মিয়ার বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। পরে স্থানীয় নয়নপুর এলাকার তিব্বত গ্রুপের রিদিসা পোশাক কারখানায় চাকরি নেয়। বৃহস্পতিবার দুপুরে মধ্যাহ্ন (লাঞ্চ) বিরতির পর বাসায় যাচ্ছিল প্রিয়তা। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা আনারুল হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পোশাক শ্রমিক ও এলাকাবাসী ঘাতক আনারুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরে এলাকাবাসী আটক আনারুল হককে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’