ভোটের মাঠে রাঙ্গামাটি-চট্টগ্রামে কঠোর নিরাপত্তা বলয়

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙ্গামাটি জেলার পাঁচটি উপজেলা এবং চট্টগ্রামের দু’টি উপজেলায় মোট ২৬৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে বিজিবি। এসব কেন্দ্রে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য স্থাপন করা হয়েছে সাতটি বেইজ ক্যাম্প।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
বর্ডার গার্ড বাংলাদেশ
বর্ডার গার্ড বাংলাদেশ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাঙ্গামাটি ও চট্টগ্রামের সাত উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে মাঠে নেমেছে কাপ্তাই ব্যাটালিয়নের ২০ প্লাটুন বিজিবি সদস্য।

নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙ্গামাটি জেলার পাঁচটি উপজেলা কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় মোট ২৬৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে বিজিবি। এসব কেন্দ্রে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য স্থাপন করা হয়েছে সাতটি বেইজ ক্যাম্প।

বিজিবি কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে টহলে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং বডি অর্ন ক্যামেরা।

তিনি আরো বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রকে দিবা-রাত্রি টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর মাধ্যমে যেকোনো তথ্য পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।’

বিশেষ করে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা দু’টি ঘনবসতিপূর্ণ এবং ভোটকেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় সেখানে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যাতে কোনো এলাকা অনিরাপদ বা অরক্ষিত না থাকে সে লক্ষ্যেই সমন্বিতভাবে কাজ চলছে বলে জানান জোন কমান্ডার।

এদিকে দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে। এর অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়ন তাদের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে সীমান্তে টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।