পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মোটরসাইকেল আটক

আটক মাদকসহ মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য এক লাখ দুই হাজার ৮৫০ টাকা।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
নিতপুর বিওপির টহল সদস্যরা
নিতপুর বিওপির টহল সদস্যরা |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মোটরসাইকেল আটক করেছে ১৬ বিজিব নিতপুর বিওপির টহল সদস্যরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বৌদ্ধপুর গ্রাম এলাকায় জিল্লু মাঝির বিল (ফেরাতের বান) নামক স্থান থেকে এ সব আটক করা হয়।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ টহল অভিযান পরিচালনা করে হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে সাত পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নয় পুরিয়া গাঁজা ও একটি হিরো মোটরসাইকেল আটক করা হয়। এ সময় তিনজন আসামি পালিয়ে যান। আটক মাদকসহ মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য এক লাখ দুই হাজার ৮৫০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ বিজিবি নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব জানান, আটককৃত মালামাল পোরশা থানায় জমা দেয়া হবে।